মিল্টন সেন, হুগলি: বলাগড়ে ছেলেধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টায় দোষী ২৫ জনকে সাজা শোনাল চুঁচুড়া আদালতের ফাস্ট ট্রাক ফ্রার্স্ট কোর্ট। ২০১৭ সালের ২১ জানুয়ারি বলাগড়ের আসানপুর গ্রামে মা মেয়ে ও তাদের গাড়ির চালককে ছেলেধরা সন্দেহে মারধোর করা হয়। গাড়িতে আগুন ধরিয়ে ওই তিনজনকে পুড়িয়ে মারার অভিযোগকে ঘিরে এলাকা রণক্ষেত্রে পরিনত হয়।
পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করায় পুলিশকেও আক্রমণ করা হয়। তীরবিদ্ধ হন এক সিভিক ভলেন্টিয়ার। আহত হন ১১ জন পুলিশকর্মী। সেই মামলায় ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন সরকারী আইনজীবী জয়ন্ত সাহা। বৃহস্পতিবার ২৫ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার তাদের সাজা ঘোষণা করেন চুঁচুড়া আদালতের ফাস্ট ট্রাক ফ্রার্স্ট কোর্টের বিচারক পীযূষ কান্তি রায়।
অভিযুক্ত গোপাল রায় ও পূর্নিমা মালিককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। বাকি ২৩ জনের সাত বছরের জেলের সাজা ঘোষণা করে আদালত। এই প্রসঙ্গে মুখ্য সরকারী আইনজীবী শংকর গাঙ্গুলি জানান,মামলার তদন্তকারী অফিসার ছিলেন, অলোক চ্যাটার্জী। একটি এমন মামলা, যেখানে এক সঙ্গে ২৫ জনের সাজা হল। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।