জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'নদীর পাড়ে বাস, চিন্তা বারোমাস'। হঠাত্ ধস নামল পাড়ে! ফোনে কথা বলতে বলতেই তলিয়ে গেলেন যুবক! এখনও পর্যন্ত খোঁজ মেলেনি তাঁর। দুর্ঘটনা ধটল হাওড়া বাগনানে।
স্থানীয় সূত্রে খবর, নিখোঁজ যুবকের নাম চন্দন খাঁড়া। বাগনানের বেনাপুর গ্রামের বাসিন্দা তিনি। গ্রামে পাশ দিয়েই বয়ে গিয়েছে রূপনারায়ণ নদ। নদীর পাড়ে দাঁড়িয়ে ফোন কথা বলছিলেন চন্দন। ঠিক তখন পাড়ে ধস নামে। চোখের নিমেষে নদীতে তলিয়ে যান বছর সাইত্রিরিশের ওই যুবক। ঘটনাটি নজরে পড়তেই ওই যুবককে উদ্ধারের চেষ্টা করেছিলেন স্থানীয় কয়েকজন। কিন্তু লাভ হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিস ও বিপর্যয় মোকাবিলা দল। যুদ্ধকালীন তত্পরতায় নদীতে শুরু হয় তল্লাশি। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত খোঁজ মেলেনি চন্দনের। উত্কণ্ঠায় পরিবারের লোকেরা।
এর আগেও দুর্ঘটনা ঘটেছে রূপনারায়ণ নদীতে। নৌকায় চেপে নদী পার হচ্ছিলেন ১৮ জন। মাঝ -নদীতে আচমকাই নৌকা উলটে যায়। তলিয়ে যান যাত্রীরা।
পুলিস সূত্রে খবর, হাওড়ার লিলুয়ার বেলগাছিয়া এলাকা থেকে পিকনিকে গিয়েছিল বেশ কয়েকটি পরিবার। প্রথমে বাগনানের বাকসিকে যান তাঁরা। তারপর নৌকায় রূপনারায়ণ নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দুধকুমড়া ঘাটের কাছে ত্রিবেণী পার্কে। যখন ফিরছিলেন, তখন দুর্ঘটনা ঘটে।
মুর্শিদাবাদে নৌকা চেপে ভাগীরথী নদীর পারপার করতে গিয়ে তলিয়ে গিয়েছিল আস্ত একটি গাড়ি! দুর্ঘটনার প্রাণ হারান ৩ জন। গুরুতর আহত ৪। লালগোলায় নৌকায় চেপে নিত্য়দিন ভাগীরথী নদী পার করেন স্থানীয় বাসিন্দারা। স্রেফ যাত্রীরা নন, ওই গাড়িটিতেও তোলা হয়েছিল নৌকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এতটাই ভিড় ছিল যে, নৌকাটি একদিকে হেলে গিয়েছিল। সেই ঢাল দিয়েই গাড়িটি পড়ে যায় নদীতে । গাড়িতে ৭ জন যাত্রী ছিলেন। ৩ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। নদীতে ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় বাকি ৪ জনকে। এই ঘটনার পর ফেরিঘাটের দায়িত্ব থাকা কর্মীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তাঁদের অভিযোগ, বেশি যাত্রীর নিয়ে নৌকা চালানো হয়। সেকারণেই নদী পারবার করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে বারবার।