• বন্দেমাতরমে ছড়াবে 'দাঙ্গা'? ভয়ংকর কিছু ঘটার আশঙ্কায় হাইকোর্টে মামলা আইনজীবীর!
    ২৪ ঘন্টা | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • অর্ণবাংশু নিয়োগী: বন্দেমাতরম নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে নয়া নির্দেশিকা জারির পর থেকেই যেন বিতর্কের অবসান হচ্ছে না। প্রথমে সাদা পাতায় নির্দেশিকা জারি নিয়ে বিতর্ক। এবার বন্দেমাতরমে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা। আর সেই আশঙ্কা থেকেই বন্দেমাতরম নিয়ে দায়ের হল মামলাও। 

    বন্দেমাতরম নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।

    আইনজীবী উপাংশু শূরের দাবি, ২৮ জানুয়ারি ২০২৬ কেন্দ্রীয় সরকার বন্দেমাতরমের ৪টি স্তবককে সংযুক্ত করার বিজ্ঞপ্তি জারি করে। বন্দেমাতরাম যখন রচিত হয় তখন ৬টি স্তবকই ছিল। পরবর্তীকালে ১৯৩৭ সালে রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর পরামর্শে দেশের সাম্প্রদায়িক সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থে সংযোজিত ৪টি স্তবককে বাদ দেওয়া হয়। তারপরে সেই প্রথাই চলে আসছিল। ১৯৫০ সালে তা সরকারিভাবে বাস্তবায়িত হয়। 

    এখন মামলাকারী আইনজীবী উপাংশু শূরের প্রশ্ন, কেন্দ্রের বিজ্ঞপ্তির ফলে এই ৪টি স্তবক ফের সংযোজনের ফলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবার পরিস্থিতি তৈরি হবে না তো? প্রসঙ্গত, রাষ্ট্রীয় সংগীত ‘বন্দে মাতরম’ গানটি গাওয়া ও বাজানো নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এবার থেকে সমস্ত সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়া বা বাজানো হবে।

    ‘বন্দে মাতরম’-এর ৬টি স্তবকই গাওয়া বা বাজানো হবে। এর মোট সময়সীমা হবে ৩ মিনিট ১০ সেকেন্ড। পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠান-সহ বিভিন্ন নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানে এই রাষ্ট্রগীত বাজানো হবে। যেসব অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন, তাঁর আগমন ও প্রস্থানের সময় ‘বন্দে মাতরম’ বাজানো বা গাওয়া হবে। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয়ে দিনের শুরুতেও রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ গাওয়া হবে।

    এমনকি স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় এটাও বলা হয়েছে যে, যদি একই অনুষ্ঠানে রাষ্ট্রগীত ও জাতীয় সঙ্গীত দু’টিই বাজানো হয়, তবে সে ক্ষেত্রে প্রথমে রাষ্ট্রীয় সংগীত এবং পরে জাতীয় সঙ্গীত বাজবে। ‘বন্দে মাতরম’ গাওয়া বা বাজানোর সময় দাঁড়িয়ে সম্মান জানানো বাধ্যতামূলক। আগে কেবল জাতীয় সঙ্গীত, অর্থাৎ 'জন, গণ, মন'-এর জন্য দাঁড়ানো বাধ্যবাধকতামূক ছিল। যদিও সিনেমা হলে বন্দেমাতরম বাজানোর ক্ষেত্রে উঠে দাঁড়াতে হবে না। 

  • Link to this news (২৪ ঘন্টা)