• প্রতীকের দাবি কতটা সত্যি? সুজন-মীনাক্ষী-কান্তিকে ফোন করল bangla.aajtak.in
    আজ তক | ২১ ফেব্রুয়ারি ২০২৬
  • দল ছাড়ার চিঠি প্রকাশ্যে আসার পর থেকে গত ৩ দিন ধরে সংবাদমাধ্যমে একাধিক CPIM নেতা সম্পর্কে মন্তব্য করেছেন প্রতীক উর রহমান। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ি, কান্তি গঙ্গোপাধ্যায়, অশোক ভট্টাচার্যকে নিয়েও বিস্ফোরক অভিযোগ তুলেছেন। এছাড়াও বিক্ষুব্ধ এই বাম নেতার মুখে শোনা গিয়েছে সহযোদ্ধা সৃজন কিংবা দীপ্সিতার পাশাপাশি মীনাক্ষী মুখোপাধ্যায়ের নামও। প্রতীক উরের এহেন অভিযোগগুলি নিয়ে কী বলছেন তাঁরা? জানল bangla.aajtak.in.

    সুজন চক্রবর্তী
    প্রতীক উর সংবাদমাধ্যমে দাবি করেছেন, সুজন চক্রবর্তী দলের অন্দরে প্রশ্ন করেন বলে তাঁকে NBA-র দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে অন্য কোথাও 'মুভ' করতে দেওয়া হয় না, তিনি কার্যত 'কর্নার্ড'। এ সম্পর্কে প্রশ্ন করা হলে bangla.aajtak.in-কে CPIM নেতা সুজন চক্রবর্তী বলেন, 'প্রতীক উর কী বলেছে তাঁর উত্তর আমি দেব কেন? আমি তো এ কথা বলিনি। পার্টির মধ্যেকার কোনও আলোচনা বাইরে বলা আমি কখনওই সমীচিন মনে করি না। এটা তো পাবলিক ইস্যু নয়। ওর কথা ও বলতেই পারে। সে নিয়ে আমি চর্চা করব না।' 

    মীনাক্ষী মুখোপাধ্যায়
    মীনাক্ষীর বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ না থাকলেও সংবাদমাধ্যমে তিনি উষ্মা প্রকাশ করেছেন, কেন একজনকে একটি কোনও পদও দেওয়া হবে না আর অন্য একজন পাবেন ২টি গণসংগঠনের পদ। মীনাক্ষী এ প্রসঙ্গে প্রতিক্রিয়ায় bangla.aajtak.in-কে বলেন, 'কালকে মহম্মদ সেলিম গোটা বিষয়টার জবাব দিয়েছেন। আমাদের পার্টির সম্পাদক আমাদের পার্টির কথা বলেছেন, সেটাই আমাদের কথা। আমরা এখানে কেউ ব্যক্তি নই। মহম্মদ সেলিম যা বলে দিয়েছেন, তারপর আর কোনও কথা বলা উচিতও নয় আর বলবও না। ওটাই আমাদের কথা।'

    শমীক লাহিড়ি
    CPIM নেতা শমীক লাহিড়ির উপর কার্যত ক্ষোভ উগরে দিয়ে সংবাদমাধ্যমে প্রতীক উর রহমান বলেছেন, 'দক্ষিণ ২৪ পরগনা জেলা সেলিমদার হাতে তুলে দিয়েছেন উনি। আর বদলে রিওয়ার্ড পেয়েছেন পত্রিকার সম্পাদক পদ।' bangla.aajtak.in-এ এই অভিযোগের প্রতিক্রিয়ায় শমীক লাহিড়ি বলেন, 'ও পার্টিতে আছে কি না বলুক, অন্য পার্টিতে যাবে কি না বলুক। আগে ঠিক করুক নিজে। আমাদের দেশে বাকস্বাধীনতা রয়েছে। যে কেউ সত্যও বলতে পারে, অসত্যও বলতে পারে।'

    অশোক ভট্টাচার্য
    সংবাদমাধ্যমে বিক্ষুব্ধ বাম নেতার এ-ও দাবি, 'উত্তরবঙ্গে অশোকদা অশোকদাই। অথচ তাঁকে দীর্ঘদিন ব্যবহার করা হচ্ছে না। বসিয়ে দেওয়া হচ্ছে।' এই নিয়ে CPIM নেতা bangla.aajtak.in-কে বলেন, 'ওঁর মন্তব্যের উপর আমার কোনও বক্তব্য নেই। আমার যদি কিছু কথা থাকে তাহলে তো পার্টিতে বলব। আমি কোথায় আছি না আছি, অভাব আছে না নেই, ওঁকে বলার তো প্রয়োজন নেই। উনি কোন পথে যাচ্ছেন, সেটাও তো বোঝা যাচ্ছে না এখনও। আমার পথ কী, সেটা আমি ঠিক করব। আমাকে নিয়ে ওঁর না ভাবাই ভাল।'

    কান্তি গঙ্গোপাধ্যায়
    প্রতীক উরের দাবি, শেষ বয়সে কান্তি গঙ্গোপাধ্যায়ের মতো নেতাকে গাড়িতে তেল ভরার জন্য খরচটুকুও পার্টি দেয় না। তাঁর প্রতি অবিচার এটা। এই প্রসঙ্গে বর্ষীয়ান এই CPIM নেতা bangla.aajtak.in-কে বলেন, 'নৌ কমেন্টস। আমি এখনই কোনও মন্তব্য করছি না।'


     

     
  • Link to this news (আজ তক)