জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিপিএম নেতা প্রতীক উর রহমান যেদিন তৃণমূলে যোগ দিচ্ছেন সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। একুশে ফেুব্রুয়ারির অনুষ্ঠানে অনন্ত মাহরাজের হাতে বঙ্গবিভূষণ সম্মান তুলে দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। রাজবংশী সম্প্রদায়ের মানুষের অর্থসামাজিক অবস্থার উন্নতিতে কাজ করার জন্য রাজ্য সরকার ওই সম্মান তুলে দিল অনন্ত মহারাজের হাতে। কিন্তু এই দৃশ্য অন্য প্রশ্নের জন্ম দিচ্ছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা তৃণমূলে যোগ দেন। ফলে পাহাড়ে এক ধাক্কা খেল বিজেপি। এবার ভোটের মুখে কট্টর তৃণমূল বিরোধী অনন্ত মহারাজকে দেখা গেল মুখ্যমন্ত্রীর পাশে থাকা থেকে শুরু মুখ্যমন্ত্রী হাত থেকে বঙ্গবিভূষণ নেওয়া বড় জল্পনার জন্ম দিচ্ছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভালো সম্পর্কের পরও আচমকাই বিজেপিতে যোগ দেন অনন্ত মহারাজ।
শনিবার দেশপ্রিয় পার্কে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে অনন্ত মহারাজের গলায় উত্তরীয় পরিয়ে দেন। পাশাপাশি তাঁরা হাতে বঙ্গবিভূষণ খেতাবও তুলে দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে অনন্ত মহারাজের সুসম্পর্ক অবশ্য নতুন নয়। গত লোকসভা নির্বাচনের ঠিক পরেই উত্তরবঙ্গ সফরে গিয়ে অনন্ত মহারাজের বাড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ততে অবশ্য কাজের কাজ কিছু হয়নি। গ্রেটার কোচবিহারের দাবিদার অনন্ত মহারাজ বিজেপিকে সমর্থন জানানও এবং গেরুয়া শিবির তাঁকে রাজ্যসভার সাংসদ করে পাঠায়। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৃথক রাজ্যের দাবি খারিজ করে দেওয়ার পর থেকেই বিজেপির সঙ্গে মহারাজের দূরত্ব বাড়তে থাকে। লোকসভা ভোটে কোচবিহারে তৃণমূলের জগদীশ বর্মা বসুনিয়ার জয়ের নেপথ্যেও মহারাজের প্রচ্ছন্ন সমর্থন ছিল বলে গুঞ্জন রয়েছে।
প্রসঙ্গত, অনন্ত মহারাজ ছাড়াও বাংলা গানে বিশেষ অবদানের জন্য বঙ্গবিভূষণ খেতাব তুলে দেওয়া হল সঙ্গীতশিল্পী শিবাজী চট্টোপাধ্যায়ের হাতে। বঙ্গ বিভূষণ পেলেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বঙ্গবিভূষণ দেওয়া হয়েছে গণেশ চন্দ্র হালুইকে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনন্ত মহারাজ বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, বিজেপি শাসনে আমরা দিনের পর দিন কেবল বঞ্চনা আর লাঞ্ছনার শিকার হয়েছি। উত্তরবঙ্গের জন্য, বিশেষ করে কোচ ও রাজবংশী জনজাতির উন্নয়নের জন্য কোনো কাজই করা হয়নি।