• ‘বিজেপিকে হাত ধরে টেনে…’, প্রতীক তৃণমূলে যেতে কী বললেন মীনাক্ষী?
    এই সময় | ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • জল্পনা ছিলই। শনিবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সিপিএমের দলত্যাগী নেতা প্রতীক উর রহমান। তাঁর পদত্যাগের পরেই সিপিএমের তরুণ ব্রিগেডের আরও কেউ এ হেন সিদ্ধান্ত নিচ্ছেন কি না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়। প্রতীক উর দল ছেড়ে বেরিয়ে গেলেও আরও নতুন মুখ লাল ঝান্ডা ধরবেন বলে শনিবার জানালেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়ের।

    বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সবথেকে বড় শক্তি তৃণমূল কংগ্রেস— দলবদলের কারণ হিসেবে এই বক্তব্যই তুলে ধরেন প্রতীক। এমনকী, তৃণমূল ও বিজেপির মধ্যে আঁতাতের যে দাবি সিপিএম করে, সেটাকেও অস্বীকার করেন প্রতীক। তবে মীনাক্ষীর কথায়, ‘বিজেপিকে তৃণমূল পরাস্ত করতে পারে না। বিজেপিকে হাত ধরে টেনে পশ্চিমবঙ্গের মাটিতে জল-হাওয়া দিয়েছে তৃণমূল। এ কথা কে বলছেন, সেটা প্রযোজ্য নয়। এটা পশ্চিমবঙ্গের বাস্তব সত্য। যতদিন বামেরা এ রাজ্যে ক্ষমতায় ছিল, ততদিন বিজেপির এখানে দাঁত ফোটানোর ক্ষমতা ছিল না।’

    এ দিন কোন্নগর মাস্টার পাড়ায় সিপিএমের ‘অর্থ সংগ্রহ’ কর্মসূচিতে যোগ দিতে যান মীনাক্ষী মুখোপাধ্যায়। এর কিছুক্ষণ আগেই দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূলের দলই কার্যালয়ে গিয়ে জোড়াফুলের পতাকা তুলে ধরেন প্রতীক। এর কয়েকঘণ্টার মধ্যেই সিপিএমের তরফে আনুষ্ঠানিক ভাবে প্রতীক উরকে দল থেকে বহিষ্কার করা হয়।

    তবে একটা প্রতীক উর দল ছাড়লেও, আরও অনেক প্রতীক উর আগামী দিনে তৈরি হবে বলেই মনে করছেন মীনাক্ষী। তাঁর কথায়, ‘লড়াইটা আজ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে। গুন্ডারাজের বিরুদ্ধে, দাঙ্গাবাজের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। সেই লড়াইয়ে যাঁরা দাঙ্গাবাজদের বিরুদ্ধে, গুন্ডারাজের বিরুদ্ধে দুর্নীতিবাজের বিরুদ্ধে থাকবে তাঁরা একসঙ্গে লড়ছে। প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তায় পথে এরকম আরও অসংখ্য কর্মীরা আছেন যারা লাল ঝান্ডা ধরবেন, ধরছেন।’

  • Link to this news (এই সময়)