• রাজ্যের ৪৫ লাখ ভোটারের ডক্যুমেন্টই ঠিক নেই! এদের নথি যাচাই কীভাবে...
    ২৪ ঘন্টা | ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • রক্তিমা দাস: আগামী ২৮ ফেব্রুয়ারি ঠিক হয়ে যাবে চূড়ান্ত ভোটার তালিকায় আপনি আছেন কী নেই। অনেকেই আশঙ্কা করছেন, যে নথি কমিশন জমা দিয়েছে তাতে কাজ হবে তো! কমিশন সূত্রে খবর, রাজ্যের প্রায় ৪৫ লাখেরও বেশি ভোটারের উপযুক্ত নথি নেই। তাহলে তাদের কী হবে? জানা যাচ্ছে ওইসব ভোটারদের নথি যাচাই ও নিস্পত্তি হবে কোর্টের তত্ত্ববাধানে। কী সেইসব নথি? সেগুলি হল বার্থ সার্টিফিকেট সমস্যা, ব্লাড রিলেশন সংক্রান্ত সমস্যা বা মাধ্যমিকের সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা।

    এদিকে, প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে জুডিশিয়াল অফিসার যাতে দেওয়া হয় তার জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছেন রাজ্যের CEO। জানা যাচ্ছে কোর্টের নজরদারিতে সোমবার থেকে নথি যাচাই ও নিস্পত্তির কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে বসে এই নথি যাচাই ও নিষ্পত্তির কাজ হবে,সেই ঘরের বাইরে এবং ভিতরে সিসিটিভি লাগানো হবে। পুরোটাই হবে আদালতের নজরদারিতে।

    সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মাইক্রো অবজার্ভাররা আগে যারা কাজ করেছিলেন এবং রাজ্য যাদের নাম দিয়েছে তারা জুডিশিয়াল অফিসারদের সাহায্য করবেন। তালিকা প্রকাশের আগের দিন পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা যতগুলি নথির নিস্পত্তি করতে পারবেন ততগুলি নাম ২৮ ফেব্রুয়ারির তালিকায় জুড়়ে দেওয়া হবে। বাকী যে তালিকা থাকবে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সাপ্লিমেন্টারি লিস্টে তা প্রকাশ করা হবে।

    সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কাজ হওয়ার পরও যদি কোনও জুডিশিয়াল অফিসার অযোগ্য নথিকে যোগ্য হিসেবে তকমা দেন কিন্তু পরবর্তীতে যদি প্রমাণিত হয়,নথিটি অযোগ্য ছিল, তাহলে সংশ্লিষ্ট সেই জুডিশিয়াল অফিসারের বিরুদ্ধেও নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যেতে পারেন ডিজিটাল ফুটপ্রিন্টের প্রমাণ নিয়ে।

    উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারিতে লিস্ট বেরিয়েছে গুজরাতে। গতকালই জানা ছিল, আজ, ২১ ফেব্রুয়ারি বেরোবে কেরল, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের চূড়ান্ত ভোটার তালিকা। কথামতোই চূড়ান্ত লিস্ট বেরিয়েছে গুজরাত (Gujarat), গোয়া (Goa), Rajasthan (রাজস্থান) Chhattisgarh (ছত্তীসগঢ়)। কেমন ছবি সেখানে? কত নাম বাদ পড়ল?

    মোদীর রাজ্যে ১৩.৪০ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে। সংখ্যার নিরিখে ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১।  এসআইআর শুরুর আগে গোয়ায় মোট ভোটার ছিল ১১,৮৫,০৩৪ জন। খসড়া তালিকায় নাম এসেছিল ১০,৮৪,৯৯২ জনের। চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে— ১০,৫৭,৫৬৬। নাম বাদ গিয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৪৬৮ জনের। শতাংশের বিচারে তা ১০.৭৫%।  রাজস্থানে এসআইআর শুরুর আগে মোট ভোটার ছিল-- ৫,৪৬,৫৬,২১৫ জন। খসড়া তালিকায় নাম এসেছিল-- ৫,০৪,৭১,৩২৪ জনের। নতুন সংযুক্ত ভোটারের সংখ্যা ১২,৯১,৩৬৫। চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে--  ৫,১৫,১৯,৯২৯ জনের। নাম বাদ-- ৩১,৩৬,২৮৬ । ছত্তীসগঢ়ে খসড়া তালিকায় নাম ছিল-- ১৮,৪৯,৫৯,২০ জনের। চূড়ান্ত তালিকায় নাম রইল-- ১৮,৭৩,০৯,১৪ জনের। খসড়া তালিকায় সংযুক্ত-- ৩,৪৩,৮০১ জন। খসড়া তালিকা থেকে বাদ-- ১,০৮,৮০৭ জনের নাম। খসড়া তালিকার পর আদতে সংযুক্তি হল ২,৩৪,৯৯৪ জনের নাম।

  • Link to this news (২৪ ঘন্টা)