• বামপন্থী এক কর্মী ক্য়াজুয়াল কর্মচারী হিসবে কোম্পানিতে ঢুকল, প্রতীক উর এর তৃণমূলে যোগদান নিয়ে সরব শুভেন্দু
    ২৪ ঘন্টা | ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • কিরণ মান্না: সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুল পতাকা তুলে নিলেন প্রতীক। এনিয়ে  সিপিএমের একাধিক নেতা মুখ খুলেছেন। এমন শোরগোল ফেলে দেওয়া প্রতীক উর নিয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করতে ছাড়লেন না।

    শনিবার শুভেন্দু অধিকারী বলেন, “আমি ওর সম্পর্কে সময় খরচ করব না। যা বলার গতকাল বলেছি। এক লাইনে বলতে পারি, একজন বামপন্থী কর্মী আজ একজন অস্থায়ী ক্যাজুয়াল কর্মচারী হিসেবে কোম্পানিতে ঢুকল।”

    নন্দীগ্রামের রেয়াপাড়ায় বিধায়ক কার্যালয়ে সাংবাদিক বৈঠকে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। SIR প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ তুলে দক্ষিণ ২৪ পরগনা ও নদীয়া জেলার জেলাশাসকদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে সাসপেনশনের দাবি জানাবে বিজেপি বলে জানান তিনি। পাশাপাশি আনন্দপুর বিস্ফোরণ কাণ্ডে অবৈধ বিস্ফোরকের মতো দ্রব্যাদি ব্যবহারের অভিযোগ নিয়ে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (NGT) ২০২৫ সালের ৪৫৬ পাতার নির্দেশের প্রসঙ্গ তুলে সরকারি দলের যোগসূত্র জনসমক্ষে এনেছেন বলেও দাবি করেন শুভেন্দু।

    আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৫৭ জন, পঞ্চায়েত নির্বাচনে ৫৫ জন এবং লোকসভা নির্বাচনেও খুনের ঘটনা ঘটেছে। নন্দীগ্রাম-সহ বিভিন্ন এলাকায় খুন, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের অভিযোগ তোলেন তিনি।

    ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে শুভেন্দু জানান, আগামী ২৮ তারিখ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় আর কোনও এক্সটেনশন হবে না এবং তাতে সিইও-র সই থাকবে। বাকি বিতর্কিত বিষয়গুলি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিচারবিভাগের তত্ত্বাবধানে নিষ্পত্তি হবে বলেও উল্লেখ করেন তিনি।

    বাংলাদেশ থেকে নির্যাতনের কারণে ভারতে আসা হিন্দু শরণার্থীদের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে পুলিশি হয়রানি করা যাবে না। একই সঙ্গে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে বলেন,পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে।

    রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করেন, বর্তমানে রাজ্যে বিজেপির ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হলে মুসলিম ভোটের একটি অংশও বিজেপির পক্ষে আসতে পারে। পাশাপাশি রাজ্যের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।

  • Link to this news (২৪ ঘন্টা)