Balurghat High School Viral Video: দক্ষিণ দিনাজপুরের শিক্ষামহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এক ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে। শহরের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বালুরঘাট হাই স্কুল-এ এক শিক্ষককে শ্রেণিকক্ষে কান ধরে ওঠবস করতে এবং এক ছাত্রীর সামনে হাঁটু গেড়ে বসতে দেখা গিয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তবুও বিষয়টি ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
স্কুল সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি জানুয়ারির শেষের দিকে একাদশ শ্রেণির ক্লাস চলাকালীন ঘটে। ভাইরাল ফুটেজে দেখা যায়, অভিযুক্ত শিক্ষক প্রথমে কান ধরে ওঠবস করছেন। পরে তিনি এক ছাত্রীর সামনে হাঁটু গেড়ে বসেন। অভিযোগ, উঠে দাঁড়ানোর পর ওই ছাত্রী তাঁকে চড় মারেন। ক্লাসের অন্য ছাত্রছাত্রীরাই মোবাইলে পুরো দৃশ্য রেকর্ড করে বলে জানা গেছে।
ঘটনার সূত্রপাত এক গুরুতর অভিযোগকে কেন্দ্র করে। দাবি করা হয়েছে, ইংরেজি বিষয়ের ওই শিক্ষক সংশ্লিষ্ট ছাত্রীর মোবাইলে অশালীন বার্তা ও কুপ্রস্তাব পাঠিয়েছিলেন। বিষয়টি ছাত্রী পরিবার ও সহপাঠীদের জানালে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে শিক্ষক ক্লাস নিতে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ উঠেছে, চাপের মুখে শিক্ষক নিজের ভুল স্বীকার করেছিলেন। যদিও এই দাবি কতটা সত্য, তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ঘটনায় স্কুলের পরিবেশ এবং শিক্ষকদের আচরণবিধি নিয়ে প্রশ্ন উঠেছে।
একসময় এই স্কুলে শুধুমাত্র ছাত্রদেরই ভর্তি নেওয়া হতো। গত তিন বছর ধরে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ছাত্রী ভর্তি শুরু হয়েছে। সহশিক্ষা ব্যবস্থায় নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।জেলা স্কুল পরিদর্শকও জানিয়েছেন, এখনও পর্যন্ত আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযুক্ত শিক্ষকের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। গোটা ঘটনায় জেলার শিক্ষা মহলে উদ্বেগ বাড়ছে।