• ‘১,৫০০ টাকা দিয়ে ‘ভাণ্ডার’ বলছে…’, সাংবাদিক বৈঠকে শাসকদলের সমালোচনায় মহম্মদ সেলিম
    এই সময় | ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • দলের যুব নেতা প্রতীক উর রহমান শনিবার CPIM ছেড়ে রাজ্যের শাসকদল তৃণমূলে যোগ দিয়েছেন। এরপরেই রবিবার সাংবাদিক সম্মেলন করেন CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রবিবার দুপুর আড়াইটেতে মৌলালিতে এস এন ব্যানার্জি রোডের স্মৃতি ভবনে সাংবাদিক সম্মেলন করেন তিনি।

    এ দিনের বৈঠকে তিনি জানান, ভোটে জেতার জন্য বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের সংগঠনকে উন্নত করতে হবে। তাঁর দাবি, সমাজে মহিলারা কোণঠাসা। SIR-এ মহিলাদের অবস্থা সবথেকে খারাপ। নির্বাচন কমিশনের তরফে SIR-এ নিজদের লিঙ্কেজ প্রমাণ করার জন্য মহিলাদের বংশ পরিচয় খুঁজে বের করতে বলেছে। তাঁর দাবি, সমাজে মেয়েদের সমানআধিকার নেই। ধর্মের নামে, জাতির নামে মহিলাদের সমানাধিকার খর্ব করা হয়।

    তাঁর আরও অভিযোগ, এই রাজ্যে মেয়েদের জন্য ভালো পরিকাঠামো নেই। পানীয় জল কিংবা শৌচাগারের বিশেষ ব্যবস্থা নেই। পরিবহণেরও ব্যবস্থা নেই। তিনি বলেছেন, ‘কেরালা যদি মেয়েদের জন্য বিশেষ করে ছাত্রীদের জন্য বিনামূল্যে পরিবহণের ব্যবস্থা করতে পারলে আমরা কেন পারব না?’ তাঁর আরও দাবি মেয়েদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মেয়েদের উপরে ঘৃণা এবং অপরাধের সংখ্যাও বাড়ছে বলে দাবি করেন সেলিম।

    তাঁর আরও দাবি, সরকার ব্যর্থ হয়েছে। মুখ্যমন্ত্রীর ২ কোটি চাকরি দেওয়ার দাবিও মিথ্যে। সেই কারণেই এত সংখ্যক বেকার যুবক-যুবতী ‘যুবসাথী’র ভাতার জন্য লাইন দিচ্ছেন। ‘যুবশ্রী’, ‘যুবসাথী’ সবই ধোকা দেওয়ার চেষ্টা। এ দিনের বৈঠকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’কেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। সেলিম বলেন, ‘১,৫০০ টাকা দিয়ে ভাণ্ডার কেন বলছে! তৃণমূল ভাণ্ডার লুট করেছে।’ CPIM ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ হবে। তখন মেয়েদের উন্নয়নের জন্য আরও বেশি টাকা দেওয়া হবে।

    আসন্ন নির্বাচন নিয়েও মুখ খুলেছেন রাজ্য সম্পাদক। তিনি জানিয়েছেন, নির্বাচন নিয়ে রাজ্য কমিটির বৈঠক হয়েছে। জেলায় জেলায় সংগঠকরা যাচ্ছেন। মহিলা, ছাত্র ও যুবকদের সংগঠনকে আরও শক্তিশালী করা হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে দলের মহিলা প্রার্থীদের সংখ্যা বাড়বে। নির্বাচনের প্রচার প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ১ মার্চ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন থেকেই রাজ্যে প্রচার শুরু করবে দল।’

    তিনি আরও জানান, কোন বিধানসভা কেন্দ্রে কেমন অবস্থা তা জানতে দলের তরফে একটি ডকুমেন্ট তৈরি করা হয়েছে। জেলা, বিধানসভা কেন্দ্র এবং বুথভিত্তিক তথ্য রয়েছে তাতে। এই তথ্যের উপরে ভিত্তি করে কোন এলাকায় কী স্ট্র্যাটেজি নেওয়া হবে, তা ঠিক করা হবে।

    শনিবার প্রতীক উর রহমান দলে যোগ দেওয়ার পরে CPIM-এর যুবশক্তিকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে সাংবাদিক বৈঠকে সেলিম বলেন, ‘দলে সবাই বিক্রি হয় না। CPIM বিক্রি হওয়ার রাজনীতি করে না। CPIM যুব নেতাদের রাজনৈতিক মঞ্চ দেয়।’ তাঁর আরও দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের দল সামলাতে পারছেন না। তিনি কী ভাবে যুব নেতাদের জায়গা করে দেবেন।

  • Link to this news (এই সময়)