• ডায়মন্ড হারবারেই অভিষেকের হাত ধরে তৃণমূলে প্রতীক উর
    দৈনিক স্টেটসম্যান | ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • যোগদানের পরে প্রতীক জানান, তাঁর মূল লক্ষ্য বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়া এবং মানুষের স্বার্থে কাজ করা। প্রতীক উর রহমান তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত ব্যাখ্যা করে বলেন, তাঁর রাজনৈতিক নীতি-নৈতিকতা অনুযায়ী ফ্যাসিস্ট শক্তি হিসেবে যাদের তিনি মনে করেন, তাদের বিরুদ্ধে লড়াই করাই তাঁর মূল লক্ষ্য। তাঁর কথায়, বিজেপিকে ঠেকাতে তৃণমূল কংগ্রেসই সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করতে পারে। তাই তিনি এই দলে যোগ দিয়েছেন। পাশাপাশি তিনি তাঁর প্রাক্তন দল সিপিএমের অবস্থান নিয়েও কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, দলের অভ্যন্তরীণ অসন্তোষের কারণে এবং দলের নেতৃত্বের সঙ্গে মতবিরোধের ফলে তিনি দল ছাড়তে বাধ্য হন। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুৎসা রটানো হয়েছে এবং তাঁকে রাজনৈতিকভাবে আক্রমণ করা হয়েছে।

    অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যোগদানকে স্বাগত জানিয়ে প্রতীক উর রহমানের রাজনৈতিক পরিশ্রম ও সংগঠন দক্ষতার প্রশংসা করেন। তিনি বলেন, প্রতীক তাঁকে জানিয়েছেন যে তিনি টিকিটের আশায় রাজনীতিতে আসেননি, বরং সংগঠনের কাজ করতে চান। অভিষেক আরও দাবি করেন, প্রতীক উর রহমান তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের নির্বাচনে লড়াই করলেও তিনি তাঁর কর্মনিষ্ঠা সম্পর্কে জানেন। তাঁর মতে, আজকের দিনে নিঃস্বার্থ কর্মী খুঁজে পাওয়া খুব কঠিন। তিনি বলেন, রাজনীতিতে ভালো এবং খারাপ কর্মী সব দলেই থাকে, তাই কাউকে এককভাবে বিচার করা ঠিক নয়।

    অভিষেক বন্দ্যোপাধ্যায় সিপিএমের রাজনৈতিক নীতির কঠোর সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, বামপন্থীদের প্রকৃত আদর্শ কী এবং কেন বিভিন্ন রাজ্যে তাদের রাজনৈতিক অবস্থান ভিন্ন হয়।

    তিনি আরও বলেন, দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য রাজ্য সরকার যে আর্থিক সহায়তা প্রকল্প চালু করেছে, সেগুলিকে ‘ভিক্ষা’ বলে অপমান করা ঠিক নয়। তাঁর মতে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রান্তিক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে, যা ওয়েলফেয়ার নীতির উদাহরণ। নারী ক্ষমতায়নের উদাহরণ হিসেবে তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা উল্লেখ করেন এবং বলেন, মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাধ্যমিক পাশ করা কিন্তু চাকরি না পাওয়া যুবকদের জন্য সরকার যুবশ্রী প্রকল্প সহায়তার হাত বাড়াচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

    অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতীক উর রহমানকে ঘিরে ওঠা ‘ডিল’ সংক্রান্ত অভিযোগেরও জবাব দেন। তিনি বলেন, সামাজিক মাধ্যমে যেভাবে বলা হয়েছে যে প্রতীক তৃণমূলের সঙ্গে প্রার্থী হওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে যোগ দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি স্পষ্ট করে বলেন, প্রতীক নিজেই তাঁকে জানিয়েছেন যে তিনি টিকিট নিতে আগ্রহী নন এবং সংগঠনের কাজ করতে চান। অভিষেক আরও বলেন, যারা তাঁর বা প্রতীকের বিরুদ্ধে সমালোচনা করছেন, তাদের গায়ে জ্বালা হচ্ছে কারণ প্রতীক তাঁদের কথায় হ্যাঁ মেলায়নি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)