• ‘আপনারা তো এমনিই নগ্ন, টি-শার্ট খোলার কী দরকার ছিল?’ AI সামিটে বিক্ষোভ নিয়ে কংগ্রেসকে খোঁচা মোদীর
    এই সময় | ২২ ফেব্রুয়ারি ২০২৬
  • দিল্লির AI সামিটে (India - AI Impact Summit) যুব কংগ্রেস কর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। আন্তর্জাতিক অনুষ্ঠানে এমন প্রতিবাদে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। রবিবার উত্তরপ্রদেশের মিরাট থেকে এই নিয়ে হাত শিবিরকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। স্পষ্ট ভাষায় বলে দিলেন, ‘আপনারা তো এমনিই নগ্ন। টি-শার্ট খোলার কী দরকার ছিল?’

    গত বুধবার থেকে দিল্লির প্রগতি ময়দানে শুরু হয়েছে ‘ইন্ডিয়া - এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’। গোটা বিশ্বের তাবড় রাষ্ট্রনায়ক থেকে শুরু করে, টেক জায়ান্টরা হাজির হয়েছেন সম্মেলনে। শুক্রবার আচমকা সেখানে ঢুকে পড়েন জনা দশেক যুব কংগ্রেস কর্মী। প্রত্যেকের খালি গা (Congress AI Summit Protest)। হাতে ধরা সাদা টি-শার্ট। কোনওটায় লেখা, ‘নরেন্দ্র মোদী আপস করেছেন।’ আবার কোনওটায় ‘এপস্টিন ফাইলস’, ‘ইন্ডিয়া-ইউএস ট্রেড ডিল’।

    এই ঘটনা কংগ্রেসের দেউলিয়াপনার প্রমাণ বলে এ দিন সরব হন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘কংগ্রেস নিজের দেশকেই বদনাম করতে ব্যস্ত। শতাব্দী প্রাচীন দলটা আদর্শগত ভাবে কতটা দেউলিয়া হয়ে গিয়েছে, এই ঘটনায় সেটা স্পষ্ট।’ এখানেই থামেননি মোদী। কংগ্রেসকে ঘুরিয়ে দেশবিরোধী আখ্যা দিয়ে মোদী বলেন, ‘আমরা একটা আন্তর্জাতিক অনুষ্ঠান করলাম। কংগ্রেস আর তাদের ইকোসিস্টেম, নগ্ন রাজনীতি শুরু করল।’

    এআই গ্লোবাল সামিট বিজেপির অনুষ্ঠান ছিল না বলেও এ দিন কংগ্রেসকে মনে করিয়ে দেন মোদী। তাঁর কথায়, ‘কংগ্রেস নেতারা আমাকে ঘৃণা করেন, আমার কবর খুঁড়তে চান। সব ঠিক আছে। কিন্তু তাঁরা দেশকেও ছাড়েন না।’ কংগ্রেস শালীনতার সব সীমা ছাড়িয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন মোদী।

    উল্লেখ্য, এআই সামিটে বিক্ষোভের ঘটনায় কৃষ্ণ হরি, কুন্দন যাদব, অজয় কুমার এবং নরসিংহ যাদব নামে চার যুব কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। নেপালের জেন জ়ি আন্দোলনের ধাঁচে কংগ্রেস কর্মীরা এই বিক্ষোভের চেষ্টা করেছিলেন বলে দাবি করেছে দিল্লি পুলিশ।

    প্রতিবাদের ধরন দেখে বিরোধী শিবিরও কার্যত দু’ভাগ হয়ে গিয়েছে। কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ইন্ডিয়া জোটের নেতা তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তাঁর সাফ কথা, ‘বিদেশি প্রতিনিধিদের সামনে দেশের সম্মানহানি হয়, এমন কিছু না করাই উচিত।’ তবে কংগ্রেসের দাবি, এটা গণতান্ত্রিক প্রতিবাদ। যুবসমাজের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এর সঙ্গে অন্য কোনও চক্রান্ত খোঁজা অর্থহীন।

  • Link to this news (এই সময়)