• বিজেপির ইস্তেহার ঘিরে ভোটারদের প্রলোভনের অভিযোগ অভিষেকের
    দৈনিক স্টেটসম্যান | ১১ এপ্রিল ২০২৬
  • অভিষেকের কথায়, ‘আগে এই ইস্তেহারের নাম ছিল সোনার বাংলা সংকল্পপত্র। এখন সেই নামই সরিয়ে দেওয়া হয়েছে। কারণ হয়তো ওরা নিজেরাই ধরে নিয়েছে বাংলা ইতিমধ্যেই সোনার বাংলা হয়ে গিয়েছে।’ তিনি আরও বলেন, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য আগে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল।

    এদিকে বিজেপির প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে তৃণমূলের অভিযোগ, এই ইস্তেহার অনেকটা চিটফান্ড সংস্থার মতোই অবাস্তব প্রতিশ্রুতিতে ভরা। বিশেষ করে মহিলাদের মাসে ৩ হাজার টাকা এবং বেকারদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

    এ প্রসঙ্গে এনসিপি নেত্রী ফওজিয়া খান বলেন, ‘নির্বাচন এলেই মহিলাদের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এটা আসলে ভোটারদের প্রলোভন দেখানোর কৌশল।’ তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনও এই বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না। কংগ্রেস নেতা সৈয়দ নাসির হুসেনেরও একই সুর। তিনি প্রশ্ন তোলেন, ‘গত কয়েকটি নির্বাচনে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কতটা বাস্তবায়ন হয়েছে?’ তাঁর দাবি, ভোটের আগে মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

    অন্যদিকে, বিজেপির তরফে দাবি করা হয়েছে, তাদের সংকল্পপত্র রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থান এবং নারী সুরক্ষার রূপরেখা তুলে ধরেছে। তবে বিরোধীদের অভিযোগ, এই প্রতিশ্রুতিগুলি বাস্তবের সঙ্গে কোনও মিল নেই এবং শুধুমাত্র ভোটের আগে মানুষের মন জয় করার কৌশল। এই ইস্যুতে রাজনৈতিক তরজা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ভোটের মুখে এই বিতর্ক রাজ্যের নির্বাচনী আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)