• জায়ান্ট স্ক্রিনে চলছে শপথগ্রহণ, আবেগতাড়িত হুগলির নানা প্রান্ত, জেলাজুড়ে গেরুয়া আবির মেখে উৎসব
    বর্তমান | ১০ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ব্রিগেড ময়দানে যেতে পারেননি অনেকেই। তাই বলে আনন্দ করার সুযোগ পাবেন না! রাজ্যে প্রথম বিজেপি সরকারের সূচনায় সেই আক্ষেপের সুযোগ দেয়নি বিজেপি। হুগলির একাধিক জায়গায় জায়ান্ট স্ক্রিন দিয়ে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে একই মঞ্চে পালিত হয়েছে রবীন্দ্রজয়ন্তীও। ফলে, দলের কর্মীদের জন্য সুযোগ তৈরি থেকে বাঙালিকে বার্তা দেওয়া, দুই কাজই কৌশলে করেছে পদ্মপার্টির নেতৃত্ব। আনন্দ আরও একটু বাড়িয়ে দিতে ছিল দেদার মিষ্টি বিলির আয়োজনও। জেলার একাধিক জায়গায় এদিন উৎসাহীরা লাড্ডু বিলি করেছেন। সব মিলিয়ে ব্রিগেডের সঙ্গে প্রযুক্তি আর আবেগের টানে জুড়ে গিয়েছিল হুগলি। এদিন সবচেয়ে বড় ও নজরকাড়া অনুষ্ঠান হয়েছে হুগলি জেলা সদর চুঁচুড়ায়। চুঁচুড়ায় রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বন্দে মাতরম ভবন। বাড়িটির গা ঘেঁষে বয়ে যায় গঙ্গা। সেখানেই ব্রিগেডর শপথ অনুষ্ঠান দেখানোর মঞ্চ বেঁধেছিল বিজেপি। সদ্য নির্বাচিত বিধায়ক সুবীর নাগের উদ্যোগে ওই মঞ্চেই এদিন পালিত হয়েছে রবীন্দ্রজয়ন্তী। গানে, স্লোগানে মুখরিত ছিল গঙ্গাপাড়। সুবীরবাবু বলেন, শপথগ্রহণের পুণ্যলগ্নে আবেগময় অনুষ্ঠান হয়েছে। মানুষ যেভাবে অংশগ্রহন, প্রশংসা করেছেন তা অভূতপূর্ব। এদিন শহরময় গেরুয়া পোশাকে বিভিন্ন বয়সের নারী-পুরুষের উৎসাহ দেখা গিয়েছে। চুঁচুড়ার অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, বাঁধনহারা আবেগ দেখেছে চুঁচুড়া।

    পিছিয়ে ছিল না তৃণমূল কংগ্রেসের উত্থানভূমি সিঙ্গুরও। এদিন সিঙ্গুরে জায়ান্ট স্ক্রিন বসিয়ে পদ্মকর্মীদের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান দেখানো হয়েছে। বেনজির ভিড় ছিল সেখানে। সঙ্গে ছিল লাড্ডু বিলি। পথ চলতি নাগরিকদের হাতেও লাড্ডু তুলে দিয়ে কপালে গেরুয়া টিকা দিয়েছেন বিজেপি কর্মীরা। উৎসাহের আবহ ছিল সপ্তগ্রাম থেকে চন্দননগর, উত্তরপাড়া থেকে পাণ্ডুয়াতেও। আয়োজনের মাত্রায় ফারাক ছিল। কিন্তু আবেগ ছিল একই মাত্রার, একইরকম বর্ণময়।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)